জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী মন্তব্য করেছেন, দলমত নির্বিশেষে অগণন মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য এক পরম সৌভাগ্যের বিষয়। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি।
আজহারী তার লেখায় দেশের রাজনৈতিক বিভাজনের মধ্যেও খালেদা জিয়াকে এক ‘অনন্য ব্যক্তিত্ব’ হিসেবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বিভক্তি ও বিভাজনের পরিবেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা প্রায় নগণ্য। কিন্তু দেশপ্রেম এবং অতুলনীয় ব্যক্তিত্বের কারণে খালেদা জিয়া প্রায় সবার কাছেই বিশেষ সম্মানের আসনে অধিষ্ঠিত।
তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। আর গোটা জাতি এই কঠিন সময়ে তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে। এমন সময়ে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের এমন গভীর ভালোবাসা সত্যিই এক বিরল সৌভাগ্য।
আলোচক আজহারী মনে করেন, খালেদা জিয়া দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ইউনিফাইং ক্যারেক্টার’ অর্থাৎ, ঐক্যের প্রতীক। ধর্মীয় মূল্যবোধের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং দেশের জন্য সীমাহীন ত্যাগ স্বীকারের কথাও উল্লেখ করেন তিনি।
পোস্টের একদম শেষে, এই মহীয়সী নারীর আশু রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন মিজানুর রহমান আজহারী। তিনি প্রার্থনা করেন, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন। এই পোস্ট ধর্মপ্রাণ সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

