সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্য তিনি সমগ্র দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক অগ্রগতি সম্পর্কে নিবিড়ভাবে খোঁজ নিচ্ছেন।
প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে সুনির্দিষ্ট নির্দেশনাও দিয়েছেন। প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন বিন্দুমাত্র কোনো ঘাটতি না থাকে। সরকার প্রয়োজনীয় সবরকম সহযোগিতা দিতে সর্বদা প্রস্তুত।
বার্তায় প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক উত্তরণের এই সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া জাতির জন্য অত্যন্ত অনুপ্রেরণার উৎস। তার সুস্বাস্থ্য দেশের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিনি স্বাস্থ্যসেবা ও প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন, যেন তারা প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয় সাধনের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকেন। দ্রুততম সময়ে বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনা করে প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে বিশেষ প্রার্থনা জানিয়েছেন।

