একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য জাতি উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে সক্ষম।” তবে একইসঙ্গে তিনি গণতন্ত্রের মূলনীতির ওপর জোর দেন।
তিনি বলেন, “আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। ঐক্য মূল জায়গায় থাকবে, কিন্তু ভিন্নতা তো থাকবে। গণতান্ত্রের মূল কথা এই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হবো না কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব।”
বিএনপি মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে এ দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। তার সম্পর্কে বিভিন্ন রকম মিথ্যা অপপ্রচার চালানো হয়।” তিনি এই বিষয়গুলো থেকে সবার বিরত থাকা উচিত বলে মনে করেন।
সাংবাদিকদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের নিজস্ব দাবি-দাওয়া নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না।”
ফখরুল অভিযোগ করেন যে, “গত ১৫ বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে।” তিনি সাংবাদিক নেতৃবৃন্দকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করার জন্য অনুরোধ করেন।
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল ও প্রচার সম্পাদক শাহজাহান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার-সহ সারা দেশের ১৮টি অঙ্গ ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বিকালে এই সম্মেলনের কর্ম অধিবেশনে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

