ডায়াবেটিস কি? মানবদেহে কোন কারণে ইনসুলিন নামক হরমোনের অভাব হলে বা ইনসুলিন কার্যকরভাবে শরীরে ব্যবহৃত না হলে বা শরীরের ইনসুলিন নিষ্ক্রিয় থাকলে রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এই সুগার প্রস্রাবের সঙ্গেও বেরিয়ে যায়Ñ এই অবস্থাকেই বলে ডায়াবেটিস। রোগটি সম্পূর্ণ নিরাময় যোগ্য নয়, তবে নিয়ন্ত্রণ যোগ্য।
ডায়াবেটিস দুই রকমের, টাইপ ১ এবং টাইপ ২। টাইপ ১ এ প্যানক্রিয়াসের বিটা সেল নষ্ট হয়ে যায়, কম বয়সীদের এ ধরনের ডায়াবেটিস হয়। তাদের সারা জনম ইনসুলিন নিতে হয়। টাইপ ২: এ ধরনের ডায়বেটিস রোগীদের ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায় বা প্রয়োজন মতো ইনসুলিন তৈরি হয় না। সাধারণত বয়স্ক বা স্থূল ব্যক্তিদের এ ধরনের ডায়াবেটিস দেখা যায়।
১৪ নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল থেকে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করে থাকে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী দিনটি পালন করা হয়। মানুষের কিছু কিছু অসংক্রামক দীর্ঘস্থায়ী রোগ দেখা দেয়, তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। ডায়াবেটিসে একবার আক্রান্ত হলে সারা জীবন এ রোগ পালতে হবে।
তাই সবচেয়ে সহজ উপায় হলো এ রোগ যাতে না হয় সে ব্যবস্থা করা। আর কেউ যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়েই থাকে তাহলে তাকে অবশ্যই জানতে হবে এর নিয়ন্ত্রণ কীভাবে করতে হবে, না করলে কী কী জটিলতা হবে ইত্যাদি। মনে রাখতে হবে একবার জটিলতা হয়ে গেলে তা থেকে মুক্তি পাওয়া অত্যন্ত দুরূহ। ডায়াবেটিস নামক ঘাতক রোগটি দিন দিন বেড়েই চলেছে। সারা পৃথিবীতে ২৮৫ মিলিয়ন মানুষ নীরব ঘাতক ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং এর শতকরা ৭০ ভাগই দরিদ্র ও মধ্য আয়ের দেশগুলোতে। ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা দ্বিগুণ হতে পারে।
আগে মানুষের গড় আয়ু ছিল অনেক কম। কলেরা, ডায়রিয়া, বসন্ত ইত্যাদি সংক্রামক রোগের আক্রমণে মানুষ মারা যেত বেশি, উজাড় হতো গ্রামের পর গ্রাম। চিকিৎসাবিজ্ঞানের উন্নতি, উন্নততর চিকিৎসা, নিরাপদ পানি ও খাদ্যের সরবরাহ, বিভিন্ন রোগের টিকাদান কর্মসূচি বাস্তবায়নের ফলে সংক্রামক ব্যাধি থেকে আমাদের মুক্ত করার সঙ্গে সঙ্গে মানুষের গড় আয়ু বেড়েছে অনেক। তাই বয়সজনিত জটিলতা, যেমন- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার ইত্যাদি এখন হয়ে উঠেছে বড় ঘাতক।
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশে খুব দ্রুত নগরায়ণ হচ্ছে। মানুষের ওজন বৃৃদ্ধি পাচ্ছে, কায়িক শ্রম ও ব্যায়াম কমে যাচ্ছে, মানসিক চাপ বাড়ছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন হচ্ছে। এসব কারণে আনুপাতিকহারে ডায়াবেটিস রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে। অধিক ক্যালরিসমৃদ্ধ ও অধিক চর্বি-শর্করাজাতীয় খাদ্য গ্রহণের অভ্যাস শিশু-কিশোরদের মধ্যে স্থূলতা বাড়াচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে খেলার মাঠের অভাব, বিদ্যালয়ে শরীরচর্চা বা খেলাধুলার সংস্কৃতির বিলোপ, টেলিভিশন আর কম্পিউটার গেম ও ফেসবুক, শহুরে অলস জীবন, গাড়ি-লিফট-চলন্ত সিঁড়ি ব্যবহারের প্রবণতা।
অনেক বাচ্চার বেলায় ছেলেবেলা থেকেই পড়াশোনার অত্যধিক প্রতিযোগিতা, মাত্রাতিরিক্ত মানসিক চাপ, খেলাধুলার প্রতি অনীহা বা পড়াশোনার ব্যস্ততায় সময়ের অভাব, মানুষকে আরও বেশি অলস জীবনযাপনে অভ্যস্ত করে তুলছে আর বাড়াচ্ছে রোগব্যাধি। গ্রামের শিশুদের ছেলেবেলার অপুষ্টি এবং বড় হয়ে শহরে অভিবাসনের পর অধিক পুষ্টির মন্দচক্রও এখানে ডায়াবেটিসের জন্য দায়ী। সর্বোপরি চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে বেশি সংখ্যায় এ রোগ শনাক্ত হচ্ছে, যা কয়েক দশক আগেও এত সহজ ছিল না।
ডায়াবেটিসের কিছু টিপস : আপনার ডায়াবেটিস হয়েছে কি না অথবা ডায়াবেটিস হয়ে গেলে তা নিয়ন্ত্রণে আছে কি না তা বোঝার জন্য কিছু টিপস জেনে রাখুন। যে কোনো সময় কিছু সন্দেহ হলেই দ্রুত রক্তের সুগারটি মেপে নিন।
(১) ডায়াবেটিসের মূল লক্ষণ ইংরেজি শব্দের তিনটি ‘পি’ পলিফেজিয়া বা অধিক ক্ষুধা, পলিডিপসিয়া বা অধিক পিপাসা, পলিইউরিয়া বা ঘন ঘন প্রস্রাব।
(২) সব সময় সুস্থ ব্যক্তির ওজন কমে যাচ্ছে অথচ খাওয়া-দাওয়া ঠিকমতোই চলছে, রুচি বা ক্ষুধাও বেশ বেশি, অনেক সময় মাত্রাতিরিক্ত।
(৩) দ্রুত ওজন কমছে অথচ তার কোনো চেষ্টা করা হয়নি যেমন- হাঁটাচলা, ব্যায়াম কিছুই হচ্ছে না বা খাদ্য নিয়ন্ত্রণের কোনো চেষ্টা চলছে না।
(৪) বাড়তি ক্লান্তি বা অবসাদবোধ।
(৫) বারবার ছোটখাটো অসুখ হচ্ছে, যেমনÑ ঘন ঘন শরীরে ফোঁড়া বা প্রস্রাবে ইনফেকশন, জিহ্বায় সাদা সাদা ক্যানডিডার আক্রমণ, মহিলাদের যৌনাঙ্গে ঘন ঘন ছত্রাক জাতীয় রোগের আক্রমণ ইত্যাদি।
(৬) কোথাও সামান্য কাটাছেঁড়া বা ঘা হওয়ার পর তা দ্রুত শুকাচ্ছে না।
(৭) কারণে-অকারণে হাত-পা অবশ হয়ে আসে বা ভারী ভারী লাগে। এগুলোকে মেডিকেল টার্মে নিউরোপ্যাথি বলে, যার অন্যতম কারণ ডায়াবেটিস।
(৮) পায়ে ঘা হওয়া বা পায়ের আঙ্গুলের মাঝে ছত্রাকের আক্রমণ।
কোনো লক্ষণ না থাকলেও কাদের সুগার পরীক্ষা করা উচিত-
(১) বয়স ৪০ এর বেশি হলে।
(২) বাপ মা বা নিকট আত্মীয়ের ডায়াবেটিস থাকলে।
(৩) যাদের ওজন বেশি।
(৪) অলস জীবন-যাপন বা যারা শারীরিক পরিশ্রম কম করেন।
(৫) গর্ভধারণের ২৪-২৮ সপ্তাহে প্রত্যেকের সুগার পরীক্ষা করতে হবে। গর্ভকালীন ডায়াবেটিস বা বেশি ওজনের সন্তান প্রসবের ইতিহাস থাকলে।
(৬) কারও উচ্চ রক্তচাপ অথবা কোনো সময় স্ট্রোকের ইতিহাস থাকলে।
ডায়াবেটিস থেকে বাঁচার জন্য প্রতিরোধ করাটাই জরুরি- ডায়াবেটিসের কারণে সমাজ হারাতে পারে কর্মক্ষম ও সম্ভাবনাময় এক তরুণ যুবা প্রজন্মকে, যার সামাজিক ও অর্থনৈতিক মন্দ প্রভাব গোটা জাতিকে স্থবির করে দিতে পারে। আরও যোগ হবে অন্ধত্ব, স্নায়ুর রোগ, কিডনি ও হৃদযন্ত্র বিকল হওয়া, পা কাটা যাওয়া ইত্যাদি। এতে হাজার হাজার রোগী নিজেদের কর্মক্ষমতা হারিয়ে, পরিবার ও সমাজের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তাই এ ব্যাধিকে প্রতিহত এবং প্রতিরোধ করার উপযুক্ত ব্যবস্থা করতে হবে। ডায়াবেটিসজনিত অকালমৃত্যু ও পঙ্গুত্বকে প্রতিরোধ করতে হলে গোড়ায় ঠেকানো ছাড়া বিকল্প নেই। শুধু জীবনযাত্রার একটুখানি পরিবর্তন, সচেতনতা ও সদিচ্ছা শতকরা প্রায় ৬০ ভাগ ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারে।
কীভাবে প্রতিরোধ করতে হবে : রোগটি যেহেতু চিরজনমের, তাই এ রোগে যাতে আক্রান্ত করতে না পারে সে লক্ষ্যে রোগ হওয়ার আগেই একে প্রতিরোধ করাটা জরুরি। অর্থাৎ, রোগটি আদতে না হতে দেওয়া। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূলমন্ত্র সুশৃঙ্খল জীবনযাপন। এর মাধ্যমে রোগকে দূরে রাখা সম্ভব। নিচের কিছু কিছু টিপস মেনে চললে এ দানব থেকে মুক্তি সম্ভব।
(১) খাদ্যাভ্যাস : ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সময়মতো এবং পরিমাণ মতো খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই বেশি বেশি সবুজ শাকসবজির সঙ্গে প্রয়োজন অনুযায়ী মাছ খেতে হবে। কম চর্বি ও কম শর্করাযুক্ত খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ হতে হবে। অধিক ক্যালরিযুক্ত খাবার, ফাস্টফুড, অতিরিক্ত কোমলপানীয়, প্রক্রিয়াজাত খাবার, চকলেট, আইসক্রিম ইত্যাদি পরিহার বা নিয়ন্ত্রণ করতে হবে। চিনি ও মিষ্টি জাতীয় খাবার যেমনÑ মিষ্টি, শরবত, গ্লুকোজ, পায়েস ইত্যাদি কম খেতে হবে। ধূমপানের বিরুদ্ধে যেমন গণসচেতনতা গড়ে উঠেছে, তেমনিভাবে মন্দ খাদ্যাভ্যাসের বিরুদ্ধেও সচেতনতা গড়ে তোলা দরকার।
(২) কায়িক শ্রম ও ব্যায়াম : ডায়াবেটিসের রোগীর ব্যায়ামের বিকল্প নেই। নিয়মিত কায়িক শ্রম এবং যত অল্পই হোক, সামর্থ্য অনুযায়ী ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। সকাল-সন্ধ্যা নিয়মিত হাঁটাচলা, কোথাও গেলে অল্প দূরত্বে রিকশা বা গাড়ি ব্যবহার না করা, অল্প কয়েক তলার জন্য লিফট ব্যবহার না করা ইত্যাদি। সম্ভব হলে সাঁতার বা জগিং করা, ব্যায়ামাগারে গিয়ে সুশৃঙ্খল ব্যায়াম করা। মোটকথা নিজেকেই ঠিক করে নিতে হবে তিনি কী ধরনের ব্যায়াম করবেন। শিশু-কিশোর ও বয়স্ক, সবার মধ্যেই কায়িক শ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে।
(৩) শিক্ষা ও সচেতনতা : একবার ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেলে তা হয়ে যাবে আজীবনের রোগ। তাই এ রোগটি যাতে না হয় তার জন্যই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। একবার এ রোগে আক্রান্ত হয়ে গেলে সারা জনম একে নিয়েই রোগীকে বাঁচতে হয়। এ জন্যই প্রয়োজন রোগটি সম্পর্কে জানার যথাযথ শিক্ষা। একবার ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেলে সচেতন রোগীকে নিজেই রোগ নিয়ন্ত্রণে রাখার দক্ষতা অর্জন করতে হবে।
(৪) শৃঙ্খলা : ডায়াবেটিক রোগীর জীবনকাঠি হলো শৃঙ্খলা। এর মানে সবকিছু নিয়মমাফিক মেনে চলা, যেমনÑ খাওয়া-দাওয়া, ঠিকমতো হাঁটাচলা বা ব্যায়াম, ওষুধপত্র নিয়মমাফিক ব্যবহার করা ইত্যাদি। যারা শৃঙ্খলা মেনে চলে তারা যেমন ডায়াবেটিস হওয়া থেকেও মুক্ত থাকতে পারবেন, এমনকি ডায়াবেটিসে আক্রান্ত হলে একে নিয়ন্ত্রণে রাখাও খুবই সহজসাধ্য ব্যাপার হবে। ফলে স্বাভাবিক জীবনযাপন যেমন সম্ভব, তেমনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগীর জন্য প্রতিনিয়ত বয়ে আনা সমস্যাগুলো থেকেও বাঁচা সম্ভব।
মনে রাখতে হবে, প্রাথমিক অবস্থায় রোগের জটিলতা সম্পর্কে ভালোভাবে জেনে এবং এগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে আরও বাড়তি সমস্যা থেকে বাঁচা সম্ভব। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি না তা দেখার জন্য মাঝেমধ্যে রক্তের সুগার টেস্ট করাতে হয়। গ্লুকোমিটার দিয়ে বাড়িতে বসে সহজেই তা করা যায়। এসব ছোট মেশিন অল্প দামে আমাদের দেশেও পাওয়া যায়। অভুক্ত অবস্থায় রক্তের সুগারের পরিমাণ ৬ মিলিমোল এবং খাওয়ার পরে ৮ মিলিমোল এর কাছাকাছি হলে ভালো নিয়ন্ত্রণে আছে বলে মনে করতে হবে। রক্তের ঐনঅ১প মেপেও নিয়ন্ত্রণের ধারণা করা যায়। ঐনঅ১প ৭% এর নিচে হলে তিন মাস ধরে সুগার নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।
চিকিৎসা পদ্ধতি : একবার আক্রান্ত হয়ে গেলে রোগী যেমন চিকিৎসা সম্পর্কে ভালো ধারণা রাখবেন, সঙ্গে মাঝে মাঝে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাও গ্রহণ করবেন। রোগীদের মনে রাখতে হবে, বারডেমের প্রতিষ্ঠাতা এবং এ দেশে ডায়াবেটিস চিকিৎসার পথিকৃৎ প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম সাহেবের মূল তিনটি বিখ্যাত উপদেশই আপনার চিকিৎসার মূলমন্ত্র। তা হলো ইংরেজিতে তিনটি ‘ডি’।
* প্রথম ‘ডি’- ডায়েট বা খাদ্য নিয়ন্ত্রণ, ৬০ থেকে ৮০ ভাগ রোগী এতেই ভালো থাকেন।
* দ্বিতীয় ‘ডি’- ডিসিপ্লিন বা শৃঙ্খলা, সুশৃঙ্খল জীবনযাপনই ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি।
* তৃতীয় ‘ডি’-ড্রাগ বা ওষুধ, খুব অল্পসংখ্যক রোগীরই এর প্রয়োজন পড়বে।
আবারও মনে রাখতে হবে, প্রথম ও দ্বিতীয় ‘ডি’ অর্থাৎ শৃঙ্খলা ও খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমেই ডায়াবেটিসকে ৮০ ভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব, ওষুধের ভূমিকা এখানে কম। আবার প্রথম দুটিকে বাদ দিয়ে শুধু ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে গেলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা খুবই দুরূহ হয়ে পড়ে। তাই সচেতনতার কোনো বিকল্প নেই।
লেখক : ইমেরিটাস অধ্যাপক

