রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) উদ্যোগে ক্যাম্পাসে ৫টি পরিবেশবান্ধব ইলেকট্রিক কার্ট (ই-কার্ট) আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার সহজীকরণের লক্ষ্যে রুয়া এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
উদ্বোধনকালে রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, এই উদ্যোগ কেবল শুরু। বর্তমানে ৫টি ই-কার্ট চালু করা হলেও, কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করা হবে। এছাড়া, রুয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের বিষয়টিও দ্রুত শুরু করার পরিকল্পনা করছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব রুয়া-এর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছেন। বিসিএস পরীক্ষার্থীদের সহায়তা প্রদান থেকে শুরু করে এই নতুন পরিবহন ব্যবস্থা চালু করা তাদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। তিনি আশা প্রকাশ করেন, এই ই-কার্ট সার্ভিস কেবল একটি সূচনা।
ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আবু রেজা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছিল। রিকশাচালকদের অতিরিক্ত ভাড়া ও নারী শিক্ষার্থীদের হয়রানির শিকার হওয়ার মতো সমস্যা ছিল নিয়মিত অভিযোগ। এই দুর্বলতা কমাতে রুয়া এবং রাকসু প্রতিনিধিদের যৌথ উদ্যোগে এই নতুন ই-কার সেবা চালু হওয়ায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহিত।
রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, পরিবহন ব্যবস্থার সহজিকরণের যে দাবি তাদের ইশতেহারে ছিল, রুয়া সেটি বাস্তবায়ন করেছে। তিনি আশা করেন, এই পদক্ষেপ শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই লাঘব করবে এবং অন্যান্য ইশতেহার বাস্তবায়নেও রুয়াকে সহযোগিতা করার আহ্বান জানান।
উল্লেখ্য, এই ই-কার সেবা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নির্ধারিত রুটে চলাচল করবে। রুটগুলো হলো—কাজলা গেট, বিনোদপুর গেট, রহমতুন্নেসা হল, আমীর আলী হল এবং চারুকলা অনুষদ থেকে প্রশাসন ভবনের সামনে পর্যন্ত। শিক্ষার্থীরা মাত্র ৫ টাকা ভাড়ায় এই সেবা নিতে পারবে।
DP/UT

