গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে রাত ১১টা ২৫ মিনিটে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ আমিন আকন্দ (৫০) নামে এক মাদক কারবারিকে তার বসতবাড়ির আঙিনা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
একই ঘটনায় ঘটনাস্থল থেকে মোঃ আতিকুর রহমান (২০) নামে এক যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

