বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড।
বৃহস্পতিবার (আজ) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা সিসিইউতে তার শারীরিক অবস্থা অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
মেডিকেল বোর্ডের একজন সদস্যের বরাত দিয়ে জানা যায়, ম্যাডাম নিউমোনিয়ায় ভুগছেন এবং তার চিকিৎসা চলছে। তবে তার প্রধান চ্যালেঞ্জ হলো ‘মাল্টি ডিজিজ জটিলতা’ বা একাধিক রোগের কারণে সৃষ্ট জটিলতা। এই জটিলতার কারণে একসাথে সব রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না এবং এতে কিছুটা ঝুঁকি থেকে যাচ্ছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, কিছু রিপোর্টে ভালো দিক থাকলেও কিছু রিপোর্ট আশঙ্কাজনক।
গত রোববার রাত ৮টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
এদিকে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের সাথে যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান বর্তমানে হাসপাতালেই অবস্থান করছেন। অসুস্থ বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

