কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দিয়েছে দল। শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া এই দুই নেতা হলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ পাখী এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য মো. আব্দুল মতিন সরকার শিরিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
দল আশা প্রকাশ করেছে, এখন থেকে এই দুই নেতা দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে চলবেন এবং দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, চলতি বছরের ৪ জুলাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছিল। প্রায় পাঁচ মাস পর তাদের সদস্যপদ পুনর্বহাল করা হলো।

