স্নাতক (সম্মান) পর্যায়ের সব শিক্ষার্থীর জন্য আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাস্তবায়নে বড় উদ্যোগ নিল জাতীয় বিশ্ববিদ্যালয়। কলেজ শিক্ষকদের আইসিটি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে সারাদেশে মোট ২৮ ব্যাচে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে আজ শনিবার (২২ নভেম্বর) তিন দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনলাইনে যুক্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত উদ্বোধনী সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছাঃ সালমা পারভীন।
অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, এবং স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোঃ আবুদ্দারদা উপস্থিত ছিলেন।
প্রতিটি ব্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত অনার্স কলেজ থেকে ৬০ জন করে শিক্ষক অংশ নিচ্ছেন, যা মোট অংশগ্রহণকারীকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে গেছে। এতে এটুআই প্রোগ্রাম এবং ইউনিসেফের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে সিলেবাসকে যুগোপযোগী করে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন কারিগরি ও পেশাদার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদানে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, ইউনিসেফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে। এছাড়া দেশ–বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতামূলক আলোচনাও চলছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জনে উৎসাহিত করতে বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই মাস্টার ট্রেইনার প্রোগ্রাম বাস্তবায়িত হলে সারা দেশের কলেজ পর্যায়ে আইসিটি শিক্ষার মান ও কাঠামো নতুন মাত্রায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

