চাঁপাইনবাবগঞ্জে ‘পদ্মা বাঁচাও’ আন্দোলন শুরু করেছে বিএনপি। দলটি ইতোমধ্যে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশ করেছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) ‘পদ্মা বাঁচাও’ আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে দুপুর দুইটায় এ সমাবেশে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ।
তিনি বলেন, “ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে চাঁপাইনবাবগঞ্জসহ এই অঞ্চলের নদী-তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন এবং বন্যা মৌসুমে ফসলহানি এখন নিত্যদিনের ঘটনা। এই পদ্মার ভাঙন রোধে গত ৩০-৪০ বছরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু স্থায়ী সমাধান মেলেনি।”
তিনি আরও বলেন, “এ পরিস্থিতিতে নদী এবং এ অঞ্চলকে বাঁচাতে ‘পদ্মা বাঁচাও কর্মসূচি’ আন্দোলন হাতে নেওয়া হয়েছে। বর্তমানে এই কর্মসূচির সমর্থনে জনমত তৈরির কাজ চলছে এবং আগামীতে গঙ্গা ব্যারাজ বাস্তবায়ন কর্মসূচিও নেওয়া হবে।”

