স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘নবীন স্নাতকদের দায়িত্বশীল নাগরিক হয়ে দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আজ থেকে তোমরা বৃহত্তর অঙ্গনে প্রবেশ করলে। তোমাদের ওপর দায়িত্ব অনেক, আর সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।’
আজ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত সমাবর্তন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়নে সহানুভূতি, সহযোগিতা ও অন্যের প্রতি দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। সমাজ, পরিবার এবং দেশের প্রতি কর্তব্য পালন করতে হবে।
পরিশ্রমকে সফলতার প্রধান শর্ত হিসেবে উল্লেখ করে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘আমার ৩৫ বছরের চাকরি জীবনে প্রতিটি পদক্ষেপে কঠোর পরিশ্রম করেছি। কোনো কিছুই একদিনে পাওয়া যায় না। পরিশ্রমই সাফল্যের মূল শক্তি।’

