নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৪ জুন) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে তাকে শনাক্ত করে একদল শিক্ষার্থী।
আটক সেই ছাত্রলীগ নেতার নাম সোলাইমান। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এই নিষিদ্ধ সংগঠনটির শহিদ হবিবুর রহমান হল শাখার ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।
প্রক্টর দপ্তর ও শিক্ষার্থীদের সূত্র জানিয়েছে, জুলাই বিপ্লবের সময় মাদার বক্স হলের কিছু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে সারারাত নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমরা ক্লাস শেষে কয়েকজন প্যারিস রোড দিয়ে যাচ্ছিলাম। সে সময় রাস্তা দিয়ে জুলাই বিপ্লবে আমাদেরকে নির্যাতন করা এক ছাত্রলীগ নেতাকে যেতে দেখি। তখন তাকে ধরে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তার মোবাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাই। পরে প্রক্টর দপ্তরে তাকে হস্তান্তর করি।

